আন্তর্জাতিক

এবার ইরানের সাইবার হামলায় শঙ্কিত ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

চলমান সংঘাতের মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ইসরাইলের গুরুত্বপূর্ণ ডিজিটাল লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালিয়েছে। অব্যাহত উত্তেজনার মধ্যেই ইসরাইলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে, যা দেশটির নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোকে ঝুঁকিতে ফেলেছে।

টাইমস অব ইসরাইলের খবরে জানানো হয়, আধুনিক হিব্রু ভাষার ব্যবহার তদারককারী সরকারি প্রতিষ্ঠান ‘একাডেমি অব দ্য হলি হিব্রু ল্যাঙ্গুয়েজ’ এর ওয়েবসাইট হ্যাক করে সাইটটি অচল করে দিয়েছে হ্যাকাররা।

খবরে বলা হয়, অ্যাকাডেমির হিব্রু ও ইংরেজি—দুই ভাষার ওয়েবসাইটই একটি ভিন্ন পাতায় সরিয়ে দেয়া হয়েছে।

সেখানে একটি বার্তায় লেখা রয়েছে, ‘এখন আর হিব্রু শেখার দরকার নেই। খুব শিগগিরই এ ভাষার আর প্রয়োজন হবে না।’ তার বদলে পাতাটিতে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হান্দালার একটি ছবি ব্যবহার করা হয়েছে।

১৯৬৯ সালে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলি হান্দালা চরিত্রটি তৈরি করেন। পরে এটি ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের পরিচিত প্রতীক হয়ে ওঠে।

‘হান্দালা’ ইরানসংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠীরও নাম। অতীতে এই গোষ্ঠী ইসরাইলি রাজনীতিকদের ডিভাইস এবং সম্প্রতি ক্ল্যালিট হেলথ সার্ভিসের নেটওয়ার্কেও অনুপ্রবেশ করেছে বলে জানা যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করেনি। পাশাপাশি ওয়েবসাইটে দেয়া লোগোটিও তাদের পরিচিত প্রতীকের থেকে কিছুটা ভিন্ন।

অ্যাকাডেমি অব দ্য হলি হিব্রু ল্যাঙ্গুয়েজের বৈজ্ঞানিক সম্পাদক বারাক দান বলেন, ‘হিব্রু ভাষার পুনরুজ্জীবন সবসময়ই জায়নবাদের গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসরাইলিদের কাছে হিব্রু তাদের পরিচয়ের অংশ। তাই ভাষাটিকে লক্ষ্য করে হামলা ইসরাইল রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #সাইবার হামলা