জাতীয়

শেষ কর্মদিবস আজ, কাল থেকে শুরু টানা ৭ দিনের ঈদের ছুটি

বায়ান্ন প্রতিবেদন

ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের ছুটি। এ কারণে আজ সোমবার (১৬ মার্চ) সরকারি চাকরিজীবীদের জন্য শেষ কর্মদিবস। অফিস শেষে অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে ঈদের ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে বিএনপি সরকার পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও এক দিন যোগ করে ১৮ মার্চকেও ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করে। এর আগে থেকেই পবিত্র শবেকদর উপলক্ষে ১৭ মার্চ সরকারি ছুটি নির্ধারিত ছিল। ফলে সব মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এই ছুটির আওতায় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ ছুটির বাইরে থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের ছুটির সময়ও বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা চালু থাকবে।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মীরা ছুটির মধ্যেও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং অন্যান্য জরুরি পণ্য পরিবহনেও কোনো ধরনের বাধা থাকবে না।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল ফিতর #ছুটি