বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
অনলাইনে ধর্মীয় এই বক্তার এক কোট অনুসারী আছে। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দেন।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অফ ফেইথ’ শিরোনামের বক্তৃতামালায় অংশ নিতে তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল। সফর চলাকালীন সময়েই তাকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা হচ্ছে।
ডেইলি মেইল জানিয়েছে মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।
আজহারীকে আগে থেকেই যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। বাংলাদেশেও উগ্র বক্তব্যের অভিযোগে জনসম্মুখে বক্তব্য দেওয়ায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার বলেছিলেন, আজহারীর আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যকে বিভিন্ন গোষ্ঠী আগে থেকেই সতর্ক করেছিল।
সিনেটে তিনি বলেন, অষ্ট্রেলিয়ান মন্ত্রী এবং কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে তথ্য পেয়েছেন।
ডেইলী মেইলের রিপোর্টে বলা হয়েছে, আজহারী হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ঘোষণা করেছেন যে ‘ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’, তারা ‘বিষাক্ত কলঙ্ক’ ।