জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল থাকছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান বাস্তবতায় এ সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি।
মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন ব্যবসায়ীরা।
জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এর আগেই সরকার অফিস সময়সূচি ও বাজার বন্ধের সময় নির্ধারণ করে দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে।
এসি//