জ্বালানি তেল কেনার প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক নানা বিষয়ে এসব তথ্য জানান।
জ্বালানি খাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অনেক দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশ সরকার এখনো তা বৃদ্ধি করেনি। তবে আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে কি না, সেটি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এমন কোনো সংকট নেই যে দীর্ঘ লাইনের মতো পরিস্থিতি তৈরি হবে।
তার দাবি অনুযায়ী, মূল সমস্যা হলো কিছু অসাধু চক্রের অবৈধ মজুত ও পাচারের চেষ্টা, যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্বালানি তেল বিক্রির জন্য একটি অ্যাপ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।
তার ভাষায়, এই অ্যাপের মাধ্যমেই জ্বালানি ক্রয় করতে হবে। এতে কে কখন কতটুকু তেল কিনছেন, তার সব তথ্য সংরক্ষিত থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা যাবে।
অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল গ্রহণযোগ্য নয়। এসব যানবাহনের ফিটনেস ও চালকদের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই এ ধরনের যানবাহনের বিকল্প ব্যবস্থা নিয়েও সরকার ভাবছে।
এ সময় তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে আপাতত নতুন কোনো পরিকল্পনা নেই। বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি পুনর্মূল্যায়ন করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর এই তদন্ত কার্যক্রম আরও গতিশীল করা হবে।
হামের টিকা সংকট নিয়ে তিনি বলেন, এটি বর্তমান সরকারের কারণে হয়নি; বরং পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনার ফলেই এই সংকট তৈরি হয়েছে। এতে শিশুমৃত্যুর ঘটনা দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, বর্তমানে ঝুঁকিপূর্ণ ৩০টি এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৩ মে থেকে সারা দেশে এই কর্মসূচি বিস্তৃত করা হবে।
এসি//