যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত ইউরোপীয় দেশগুলোর স্বর্ণ ধীরে ধীরে নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রবণতা বাড়ছে। এই ধারায় ইতোমধ্যে ফ্রান্স তাদের সম্পূর্ণ স্বর্ণভাণ্ডার নিজ দেশে স্থানান্তর করেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ফ্রান্সের অবশিষ্ট ১২৯ টন স্বর্ণ বিক্রি করে দেয়া হয়েছে। এর পরিবর্তে সমপরিমাণ নতুন স্বর্ণ কিনে তা প্যারিসে সংরক্ষণ করা হয়েছে।
ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং স্বর্ণ রিজার্ভকে আধুনিকীকরণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে জার্মানিও তাদের স্বর্ণের বড় একটি অংশ দেশে ফিরিয়ে এনেছে বলে জানা গেছে। ফলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় দেশগুলোর স্বর্ণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক স্বনির্ভরতার চেষ্টা এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে নিজেদের স্বর্ণভাণ্ডার দেশে ফিরিয়ে নিচ্ছে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের বহু দেশ অর্থনৈতিক সংকটে পড়লে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা প্রদান করে। সেই সময় নিরাপত্তার কারণে দেশগুলো তাদের স্বর্ণ যুক্তরাষ্ট্রে সংরক্ষণ করতে শুরু করে, যা পরবর্তীতে ফেডারেল রিজার্ভ ব্যবস্থার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে রাখা হয়।
এসি//