জাতীয়

২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ১৪ দিন এগিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের টিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রশ্নটি করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল।

তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা গ্যাভি (Gavi) থেকে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় এবং যথাযথ গুরুত্ব না দেয়ার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। তবে বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কার্যকর টিকাদান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এছাড়া ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে কেনা সম্পন্ন হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #স্বাস্থ্যমন্ত্রী #সরদার মো. সাখাওয়াত হোসেন #২০ এপ্রিল