বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টার কিছু পর তিনি টাঙ্গাইলের সমাবেশস্থলে উপস্থিত হন।
এর আগে সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে বিভিন্ন স্থানে গাড়ির ভেতর থেকে তিনি সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
টাঙ্গাইলের এই আয়োজন থেকেই সারা দেশের ২০ হাজার বেশি কৃষকের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছিলেন, দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন তিনি। এর আগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরের প্রধান সড়ক, দুটি হ্যালিপ্যাড, স্টেডিয়াম ও মাজার প্রাঙ্গণকে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
এসি//