পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঢাকায় এক কনস্ট্রাকশন ঠিকাদারের হামলায় একই পরিবারের এক তরুণী নিহত এবং আরও দুই নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে।
নিহত তরুণীর নাম দিয়া মনি নবনী (২০)। তিনি ওই বাড়ির বাসিন্দা নবু উল্লাহর মেয়ে এবং বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫)।
পুলিশ জানায়, হামলার ঘটনায় ঠিকাদার আবু মুসাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার ভোরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর ৪টা ৫৫ মিনিটে চিকিৎসক দিয়া মনিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে পরবর্তীতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া গাড়িচালক বিল্লাল জানান, আবু মুসা দীর্ঘদিন ধরে ওই পরিবারের ১০ তলা ভবন নির্মাণের ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। কাজের পারিশ্রমিক নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই রাতে তিনি ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না। ছোট সন্তানের অসুস্থতার কারণে তিনি হাসপাতালে অবস্থান করছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হামলাকারী আবু মুসা নিজেও সামান্য আহত হওয়ায় তাকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসি//