আকাশে কোথাও রোদের তীব্রতা, কোথাও আবার মেঘের ভাঁজে ভাঁজে বৃষ্টির অপেক্ষা—দেশজুড়ে এমনই এক মিশ্র আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সার্বিক তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
এ সময় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এরপর শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে এবং পরবর্তী সময়ে তা স্থিতিশীল থাকতে পারে। এ সময় কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
এসি//