রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বনানী কাঁচাবাজারের পাশের ১২ নম্বর সড়কের একটি ভবনের নবম তলায় থাকা কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা দ্রুত ছড়িয়ে অষ্টম ও দশম তলাতেও পৌঁছে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার পর ভবনের বাসিন্দারা দ্রুত বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।