এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়া সব সময় ভালো কিছু বয়ে আনে না। যে কারণে এ নিয়ে উন্নত দেশে রেস্ট্রিকশন রয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বারিধারায় যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে গত ৫৬ বছরে খুব একটা ভালো করতে পারিনি আমরা। ফ্যাসিস্ট সরকারের রোষানলে দেশ যখন সংকটের মধ্যে ছিল, তখন আবার স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম’।
তিনি বলেন, দেশের মাথা পিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনো প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
এলজিআরডি মন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের মানুষ।
তিনি আরও বলেন, দেশে এক সময় নানা সংকট থাকলেও এখন কোনও খাদ্য ঘাটতি নেই, তবে দারিদ্র বিমোচন ও তরুণদের সুরক্ষা এখন বড় চ্যালেঞ্জ।
আই/এ