আন্তর্জাতিক

দ্বিতীয় দফার সংলাপের দিন ঠিক করল ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন জানায়, আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এর আগে, গত শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদেই দুই দেশের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো নির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হয়।

উল্লেখ্য, তারও আগে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়, যা পরবর্তীতে ইসরাইলও সমর্থন জানায়।

এদিকে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট চুক্তি না আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়াতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য পুনরায় সামরিক আগ্রাসনের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে।

এয়ার ফোর্স ওয়ানে থাকাকালীন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল— আলোচনা ব্যর্থ হলে তিনি কি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করবেন নাকি পুনরায় হামলা শুরু করবেন? জবাবে তিনি বলেন, ‘হয়তো আমি এর মেয়াদ বাড়াব না।’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয়তো আমি মেয়াদ বাড়াব না, সেক্ষেত্রে অবরোধ জারি থাকবে। দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা ফেলা শুরু করতে হবে।’

দ্বিতীয় দফার আলোচনা সম্পর্কে অবগত ইরানি সূত্রের বরাতে সিএনএন জানায়, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত সোমবার তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকের সময়সূচী সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

অবশ্য এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিনের শুরুর দিকে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #পাকিস্তান #বৈঠক #শান্তি আলোচনা