আন্তর্জাতিক

নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

পারিবারিক কলহের জেরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যা করেছেন শামার এলকিন্স নামে এক ব্যক্তি। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে ঘটে নৃশংস এ ঘটনা।

শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, রোববার ভোরে শ্রেভপোর্টের দুটি বাড়িতে চালানো এই হামলায় নিহতদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন সন্দেহভাজনের সন্তানদের মা।

বোর্ডেলন বলেন, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যান ওই বন্দুকধারী।

এ ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা। বোর্ডেলন বলেন, এখনও অনেক কিছু তদন্ত করা বাকি আছে। তবে, গোয়েন্দাদের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটেছে এ হত্যাকাণ্ড। 

বোর্ডেলন আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এলকিন্স।

এদিকে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো শহরকে। শ্রিভেপোর্টের মেয়র টম আর্সেনো বলেছেন, ‘এটি একটি মর্মান্তিক পরিস্থিতি, সম্ভবত আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক ঘটনা।’

শ্রিভেপোর্টের বাসিন্দা এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে লিখেছেন, তার দল এই ‘হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা’ সম্পর্কে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘এই অত্যন্ত কঠিন সময়ে আমরা ভুক্তভোগী, তাদের পরিবার ও প্রিয়জন এবং আমাদের শ্রিভপোর্ট সম্প্রদায়কে আমাদের চিন্তা ও প্রার্থনায় স্মরণ করছি।’

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী এই ভয়াবহ ঘটনায় মর্মাহত। তিনি লিখেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুক হামলার প্রবণতা অনেক বেশি। সবশেষ ঘটনাটি ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১১৯টি গুলির ঘটনা ঘটেছে, যার শিকার হয়ে ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পারিবারিক কলহ #যুক্তরাষ্ট্র #লুইজিয়ানা #শিশু হত্যা