স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে টিকাদান। কিন্তু অতীতে ভুল নীতির কারণে এই কার্যক্রম ব্যাহত হয়েছিল।
সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সালের পর ২০২৫ সালে একটি গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রম হওয়া প্রয়োজন ছিল, যা বাস্তবায়িত হয়নি। ফলে রোগ প্রতিরোধে একটি শূন্যতা তৈরি হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির প্রভাব মাঠপর্যায়ের কর্মীদের ওপর পড়েছে। অনেক স্বাস্থ্যকর্মী সঠিকভাবে কাজ করার সুযোগ পাননি, এমনকি তাদের বেতন-ভাতার বিষয়েও নানা জটিলতা তৈরি হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়, পরে পাঁচটি মহানগরে টিকাদান কার্যক্রম পরিচালনার পর এখন তা সারাদেশে বিস্তৃত করা হয়েছে।
তিনি বলেন, এবারের কর্মসূচির আওতায় দেশের প্রায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলায় প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ কর্মদিবস ধরে এই কার্যক্রম চলবে।
এই উদ্যোগের মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি হাম-রুবেলা নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।
আই/এ