রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে চালানো ওই অভিযানে বিপুল গাঁজা, বিদেশি পিস্তল এবং প্রায় ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান প্রসঙ্গে জুয়েল জানান, মাদক চোরাচালানে নতুন কৌশল হিসেবে চকলেট, চানাচুর ও বিস্কুটের প্যাকেট ব্যবহার করা হচ্ছে, যাতে সহজে শনাক্ত করা না যায়।
তার ভাষায়, জেনেভা ক্যাম্পে প্রায় ১০ হাজারের মতো অপরাধী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
তিনি আরও বলেন, একক প্রচেষ্টায় এই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে প্রায় ৮ থেকে ৯ হাজার আসামি গ্রেপ্তার করা হয়েছে, যার একটি বড় অংশই এসেছে জেনেভা ক্যাম্প থেকে। শুধু রমজান মাসেই এখান থেকে ১৪০০-এর বেশি আসামি গ্রেপ্তার করা হয়।
এছাড়া তিনি জানান, পূর্বে এলাকাটিতে প্রায় ২৯০০টি মামলা ছিল। গত প্রায় ১৫ মাসে তা কমিয়ে প্রায় ১০০০ থেকে ১১০০ মামলায় নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
এসি//