আবহাওয়া

দেশের সব বিভাগে কালবৈশাখীর সতর্কতা, হতে পারে শিলাবৃষ্টি

দেশের আট বিভাগেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এসময় বজ্রসহ বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টিপাতের এই প্রবণতার মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #আবহাওয়া বার্তা #বৃষ্টি #কালবৈশাখী