গত ১১ বছর নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়া এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও জোরালো হয়েছে বেতন কাঠামো সংস্কারের দাবি।
এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
কমিটির নেতারা জানিয়েছেন, ২০১৫ সাল থেকে অষ্টম পে-স্কেল চালু রয়েছে।দীর্ঘ ১১ বছরে নতুন কোন পে-স্কেল চালু না হলেও দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা সহ বিভিন্ন খাতে খরচ বৃদ্ধি পেয়েছে কয়েকগুন।এতে করে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা মারাত্মক আর্থিক কষ্টে দিন পার করছেন।কেউ কেউ পরিবারের ভরন-পোষণের ব্যায় মেটাতে ব্যাংক ঋণ কিংবা প্রভিডেন্ট ফান্ডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
তারা অভিযোগ করে বলেন, নতুন পে-স্কেল নিয়ে সরকারি উচ্চ মহলে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এতে করে চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ার পাশাপাশশি তাদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে।
তাদের দাবি, বাজেট প্রণয়নের পূর্বেই সচিব পর্যায়ের সুপারিশ কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলে নতুন অর্থবছরে জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা সহজ হবে।
সংশ্লিষ্টদের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন খাতে নিয়োজিত সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য করে দ্রুততম সময়ে নবম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।