কক্সবাজারের রামু উপজেলায় ৪০ হাজার ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগী এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ছালেহা বেগম ও তার সহযোগী মোহাম্মদ হাসিমকে আটক করা হয়।
অভিযানের সময় আরও তিন থেকে চারজন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটক দুই ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
এমএ//