ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলেই মরদেহের পাশে বিচ্ছিন্ন মাথা পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরনে শুধু প্যান্ট ছিল, তবে শরীরে কোনো জামা ছিল না। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল।
স্থানীয়দের ধারণা, অন্য কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলটি বেশ প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে বাইরে থেকে এনে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত এগিয়ে নেওয়া হবে।