দেশজুড়ে

এক বান্ধবীকে বাঁচাতে গিয়ে আরেক বান্ধবীরও মৃত্যু

ফাইল ছবি

পটুয়াখালীতে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১০) ও  সেফা মনি (১১) নামে দুই বান্ধবীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে এক বান্ধবীকে বাঁচাতে গিয়ে আরেক বান্ধবীরও মৃত্যু হয়েছে। নিহত লামিয়া ওই এলাকার  জাকির হোসেনের মেয়ে এবং সেফা মনি একই এলাকার আবু সুফিয়ানের মেয়ে। তারা দুজনেই মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়াশোনা করত।

শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী শহরের কালিকাপুর ৯ নম্বর ওয়ার্ডের উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, দুপুরে দুই বান্ধবী একসঙ্গে খেলছিলখেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। দীর্ঘক্ষণ পরেও তাদের  না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরপাড়ে তাদের জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত লামিয়ার বাবা জাকির হোসেন বলেন,তার মেয়ে সাঁতার জানত। হয়তো সেফা পানিতে পরে গিয়েছিল, ওরে বাঁচাতে গিয়া তার মেয়েও ডুবে গেছে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই ওরা মারা গেছে।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী