সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মদন উপজেলার রিপন মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী বড্ডা গ্রামের বাসিন্দা ও মো. বাচ্চু মিয়ার ছেলে।
বুধবার (২০ মে) সৌদি সময় সন্ধ্যা ৭টার দিকে এম্বো শহর থেকে ফাইল শহরে যাওয়ার পথে মদিনার কাছে একটি মালবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বিষয়টি শনিবার (২৩ মে) সকালে এলাকায় জানাজান হয়।
নিহতের ছোট ভাই ও সৌদি প্রবাসী শামীম আহমেদ শনিবার দুপুরে ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে গেল বছরের অক্টোবর মাসে সৌদি আরবে যান রিপন মিয়া। পরিবারের সচ্ছলতা ফেরানো ও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে সেখানে কাজ করছিলেন তিনি। সৌদির এম্বো শহরে কাজ করতেন রিপন।
শামীম আহমেদ জানান, কয়েকদিন ধরে কাজ কম থাকায় বুধবার রিপন এম্বো থেকে মদিনা হয়ে ফাইল শহরে পরিচিত একজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে ট্যাক্সিক্যাবে রওনা হন। পথে মাগরিবের নামাজের সময় মদিনায় নেমে নামাজ আদায় করেন। নামাজ শেষে বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন এবং আশপাশের কিছু স্থান দেখান।
পরে পুনরায় ফাইল শহরের উদ্দেশে যাত্রা শুরু করলে কিছুদূর যাওয়ার পর একটি মালবাহী লরি পেছন থেকে ট্যাক্সিক্যাবটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গাড়িচালকও গুরুতর আহত হন।
নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, “আমার ছেলে কয়েক মাস আগে সৌদি আরব গিয়েছিল পরিবারের জন্য কিছু করার আশায়। এখন আমার নাতি-নাতনিরা বাবাকে হারাল, আমি হারালাম সন্তানকে।”
তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
এমএ//