মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে হতাহতের সংখ্যায় কিছুটা পার্থক্য দেখা গেছে।
বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামটির আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে বিধ্বস্ত ঘরবাড়ি, বিস্ফোরণে সৃষ্টি হওয়া বড় গর্ত এবং চারদিকে ছড়িয়ে থাকা ইট-পাথরের ধ্বংসাবশেষ দেখা গেছে। এছাড়া পুড়ে যাওয়া স্থাপনা ও ভেঙে পড়া গাছপালা থেকে তখনও ধোঁয়া বের হতে দেখা যায়।
এলাকাটির নিয়ন্ত্রণে থাকা এবং সামরিক জান্তাবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, বিস্ফোরণের পর প্রথম দিকে অনেকেই ঘটনাটিকে সম্ভাব্য বিমান হামলা বলে ধারণা করেছিলেন।
ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এসি//