আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিদ্বেষী সহিংসতায় ৭ মোজাম্বিকানের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভের মুখে সংঘটিত ভয়াবহ ‘জেনোফোবিক’ বা অভিবাসীবিদ্বেষী হামলায় পাঁচজন মোজাম্বিকানের নির্মম মৃত্যু হয়েছে। মোজাম্বিক সরকার এই সহিংসতায় নিজ দেশের নাগরিকদের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

গেল শুক্রবার (২৯ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মোসেল বে-তে সহিংসতা ছড়িয়ে পড়ে।

মোজাম্বিক সরকারের প্রেস অফিস থেকে মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় অত্যন্ত দুঃখজনকভাবে মোট সাতজন মোজাম্বিকান নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজন সরাসরি বর্ণবাদী ও অভিবাসীবিদ্বেষী হামলার শিকার হয়ে মারা গেছেন এবং বাকি দুজন ওই সহিংসতা থেকে বাঁচতে একটি ব্যক্তিগত গাড়িতে করে মোজাম্বিকে ফিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ৫০০ জনেরও বেশি মোজাম্বিকান নাগরিককে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হয়েছে।

মোসেল বে শহরের স্থানীয় মেয়র ডার্ক কোটজে বলেছেন, প্রকাশ্য নিরপরাধ মানুষ হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে।  এমন অভিবাসীবিদ্বেষী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকায় আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন হবে। ওই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ ভোটারদের সস্তা সমর্থন ও রাজনৈতিক ফায়দা লুটতেই এই ক্ষতিকর অভিবাসী বিরোধী সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ আফ্রিকা #অবৈধ অভিবাসী #নিহত