জাতীয়

সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য একাধিক দেশের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। নির্বাচনের পর গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকেও যথাক্রমে কুয়ালালামপুর ও বেইজিং সফরের আমন্ত্রণ আসে।

তবে ভারত কিংবা চীন নয়, সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তারেক রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর সফরে যাওয়ার প্রস্তুতি চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, সোমবার (০১ জুন) সকালে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

যদিও সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি ও আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #বিদেশ সফর