আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (০২ জুন) ট্রাম্প প্রশাসন এ প্রস্তাব প্রকাশ করে বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) জানিয়েছে, সেকশন ৩০১ তদন্তের আওতায় বাংলাদেশ, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, মালয়েশিয়া, তাইওয়ান ও যুক্তরাজ্যসহ ১৫টি অর্থনীতি থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। বাকি ৪৫টি দেশের ক্ষেত্রে এই হার হতে পারে ১২ দশমিক ৫ শতাংশ।

ইউএসটিআরের দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের প্রবাহ রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে মার্কিন শ্রমিক ও উৎপাদকরা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় অসুবিধার মুখে পড়ছেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, বাণিজ্য অংশীদারদের জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য বন্ধে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে মার্কিন শ্রমিকদের জন্য বৈশ্বিক প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে।

নতুন প্রস্তাবে একটি আলাদা টেক্সটাইল ও বস্ত্র আমদানি ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পোশাক ও বস্ত্রপণ্য তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে এর হার ও পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

এ সিদ্ধান্ত এমন সময় এসেছে, যখন আগামী ২৪ জুলাই ট্রাম্প প্রশাসনের আরোপিত সাময়িক ১০ শতাংশ সর্বজনীন শুল্কের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই শুল্ক কার্যকর করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় আরোপিত ওই শুল্ক বাতিল করে দেয়।

এর আগে সোমবার ব্রাজিলের ডিজিটাল বাণিজ্যনীতি ও শুল্ক কাঠামো নিয়ে সেকশন ৩০১ তদন্তের ফলাফলের ভিত্তিতে দেশটির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয় ইউএসটিআর। একই সঙ্গে চীনসহ ১৬টি দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে আরেকটি তদন্তের ফলাফলও শিগগির প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়েছে।

তবে নতুন শুল্ক ব্যবস্থার আওতায় জ্বালানি, রেয়ার আর্থ খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং উড়োজাহাজের যন্ত্রাংশকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। ৭ জুলাই এ বিষয়ে গণশুনানির আয়োজন করবে ইউএসটিআর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ট্রাম্প প্রশাসন