বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) বদলি করা হয়েছে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে। একই ইউনিটের আরেক কর্মকর্তা অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে পদায়ন দেওয়া হয়েছে।
র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৫ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্বভার হস্তান্তর করবেন। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১৬ জুন থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এসি//