দেশজুড়ে

পঞ্চগড়ে মামী-ভাগিনীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

পঞ্চগড় প্রতিনিধি

ছবি: সংগৃহীত ফাইল ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মামী ও ভাগিনীকে ধর্ষণের অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন— দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকার মো. পারভেজ (২০), মো. রাসেল ইসলাম (২২) ও বিশ্বজিৎ (২১)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গেল ৩১ মে রাতে শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মামী (৪০) ও ভাগিনী (১৮) বাড়িতে ফেরেন। কিন্তু বাড়িতে তালা থাকায় তারা অন্যত্র যাওয়ার জন্য ভ্যান খুঁজছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের সহায়তার কথা বলে আলাদা স্থানে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে অসুস্থ অবস্থায় দুই ভুক্তভোগীকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের এক সদস্য বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি ন্যায়বিচারের দাবি জানান।

পঞ্চগড়ের সিভিল সার্জন ও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভুক্তভোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #ধর্ষণ