অর্থনীতি

স্বর্ণের পাশাপাশি রূপার বাজারেও স্বস্তি

বায়ান্ন প্রতিবেদন

ঈদুল আজহার পর দেশের স্বর্ণ ও রূপার বাজারে এসেছে দামের বড় পরিবর্তন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানোর ঘোষণা দিয়েছে, ফলে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে।

শনিবার (০৬ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে রূপার মূল্য হ্রাস পাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যসূচি অনুযায়ী, প্রতি ভরি রূপার দাম সর্বোচ্চ ৫২৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ঘোষিত নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রূপা বিক্রি হবে প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

অন্যদিকে, ঈদের পর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজুস #রূপা