আন্তর্জাতিক

মধ্য ইসরাইলে বন্দুক হামলায় নিহত ১, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য ইসরাইলে পৃথক বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

রোববার (০৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার কোখাভ ইয়াইর এলাকার প্রবেশমুখে একটি পেট্রোল পাম্পে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ইসরাইলি পুলিশের এক মুখপাত্র জানান, এ হামলায় একজন নিহত হয়েছেন।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আরও কয়েকজন মাঝারি ধরনের আহত হয়েছেন।

পরে ইসরাইলি পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহে দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের দাবি, নিহত হামলাকারীদের একজন আরব-ইসরাইলি নাগরিক।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত তিনটি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলা হয় পেট্রোল স্টেশনে। এসব ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হন।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে হামলাগুলোকে “বীরত্বপূর্ণ অভিযান” হিসেবে আখ্যা দিয়েছে।

সংগঠনটির দাবি, গাজায় চলমান সামরিক অভিযান, পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরাইলি তৎপরতা, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “দখলদার বাহিনীর নিপীড়ন ও অপরাধ প্রতিরোধ আন্দোলনকে থামাতে পারবে না।”

একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মধ্য ইসরাইল #নিরাপত্তা বাহিনী #ইসরাইল