রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে লোকমান হোসেন (৪৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ১৭ হাজার ডলার ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে ওই ব্যবসায়িকে গুলি করে তার সঙ্গে থাকা একটি মুদ্রার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
মতিঝিলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা ছাড়াও ১৭ হাজার ডলার ছিল বলে ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় মুদ্রার খুচরা ব্যবসা করতেন।
জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আই/এ