পাবনায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একজনকে সন্তানের সামনে প্রকাশ্যে গুলি করে এবং আরেক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সোমবার (০৮ জুন) বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদরের মাসুম বাজার এবং বাস টার্মিনালসংলগ্ন নিউ নাইস পেট্রোল পাম্পের পেছনে এসব ঘটনা ঘটে।
গুলিতে নিহত আলী হোসেন (৫৩) পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। আর ছুরিকাঘাতে নিহত মনিরুল ইসলাম (২১) সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সঞ্জয় সাহা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন তার সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দিতে আসেন। মাদ্রাসার গেটে রিকশা থেকে নামতেই দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বিকেল ৫টার দিকে পাবনা পেট্রোলিয়াম পাম্পের সামনে দুই যুবক একসঙ্গে টয়লেটে প্রবেশ করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাকিব নামে এক যুবক মনিরুলকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় মনিরুল দৌড়ে নিকটস্থ পুলিশ বক্সের সামনে গিয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত রাকিবকে ধরতে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে তিনি কচুরিপানাযুক্ত একটি পুকুরে ঝাঁপ দেন। পরে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ওসি সঞ্জয় সাহা বলেন, কী কারণে হত্যাকাণ্ড দুটি ঘটেছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এমএ//