দেশজুড়ে

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু নিহত হয়েছে। নিহত যুবকের নাম আঃ খালেক (৩৫)। তিনি এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-সি-এর বাসিন্দা।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে শাহআলমের কলাবাগান এ ঘটনা ঘটে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহআলমের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক কলাবাগানে কাজ করতে যাওয়ার সময় তিনি মাইন বিস্ফোরণের শিকার হন বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম  বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো মাইন বিস্ফোরণের ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত পরিহারের আহ্বান জানিয়ে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

পাশাপাশি ল্যান্ডমাইনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সতর্কতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইন #কক্সবাজার