বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৮ জুন) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (০৯ জুন) তাকে আদালতে পাঠানো হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, গুলশান থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালতে উপস্থাপিত পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বয়সী সৈয়দ নুরুল ইসলাম চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা। তিনি সাবেক মোহরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে পরিকল্পনা, অর্থায়ন ও সহায়তার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
ওই ধারাবাহিক ঘটনায় ভাটারা এলাকায় সংঘটিত সহিংসতায় মাদ্রাসাছাত্র নাজিম উদ্দিন নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মামলায় অভিযোগ করা হয়েছে, আন্দোলন দমনে পরিকল্পনা ও অর্থায়নের মাধ্যমে সহায়তার সঙ্গে যুক্ত ছিলেন ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম।
উল্লেখ্য, নাজিম উদ্দিন নিহত হওয়ার এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এসি//