দেশজুড়ে

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১০ জুন) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন আব্দুল্লাহ আল ফিরোজ (৪০)। তিনি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত এক নারীসহ চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল ফিরোজ মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #দুর্ঘটনা