জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকা কিনতে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহের প্রস্তাবটি উত্থাপন করে স্বাস্থ্য সেবা বিভাগ। সময়মতো টিকার সরবরাহ নিশ্চিত করা এবং সারাদেশে টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা কেনা হবে।
প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে ইউনিসেফ একই সঙ্গে ক্রয়কারী সংস্থা ও সরবরাহকারী হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলেন, দেশের টিকাদানের হার বজায় রাখতে এবং ইপিআই-এর আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, শিশুদের সংক্রামক ব্যাধি ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষায় ইপিআই দেশের প্রধান জাতীয় কর্মসূচি হিসেবে কাজ করছে।
এমএ//