বিশ্বকাপে হেক্সা মিশনের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে ছন্দ খুঁজে ফিরলেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কার্লো আনচেলত্তির দলকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, প্রথমার্ধে তার দল মোটেও ভালো খেলতে পারেনি। তিনি বলেন, “প্রথমার্ধের খেলাটা আমাদের ভালোভাবে মূল্যায়ন করতে হবে। দল কিছুটা দুশ্চিন্তায় ছিল। আমরা অনেক বল হারিয়েছি এবং এক-একজনের লড়াইয়ে পিছিয়ে পড়েছি। প্রথমার্ধের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না।”
ম্যাচের শুরুতেই ব্রাজিলের ছন্নছাড়া ফুটবলের সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক আক্রমণ থেকে মরক্কোকে এগিয়ে দেন সাইবিরি। গোল হজমের পর চাপ আরও বেড়ে যায় সেলেসাওদের ওপর।
আনচেলত্তির মতে, প্রথমার্ধে তার খেলোয়াড়রা অতিরিক্ত নার্ভাস ছিল। তিনি বলেন, “মরক্কো আমাদের প্রেসিং ভেঙে কয়েকটি বিপজ্জনক কাউন্টার অ্যাটাক করেছে। আমাদের আরও বেশি নিয়ন্ত্রণে খেলা উচিত ছিল।”
তবে কঠিন সময়ে ব্রাজিলকে ম্যাচে ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধেই ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক গোল করে সমতায় ফেরান দলকে। ম্যাচ শেষে ভিনিসিয়ুসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আনচেলত্তি। তিনি বলেন, “ভিনিসিয়ুস ভালো খেলেছে। প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সে সবসময়ই হুমকি ছিল। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। টুর্নামেন্ট যত এগোবে, সে আরও ভালো খেলবে,”।
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় উন্নতি দেখা গেলেও জয়সূচক গোলের দেখা পায়নি দলটি। তবু হতাশ নন আনচেলত্তি। তার মতে, একটি ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা কোনোভাবেই বিপর্যয় নয়।
“দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আত্মবিশ্বাস হারানোর কোনো কারণ নেই। প্রথম ম্যাচের পরই দলকে নিখুঁত ভাবা যায় না। এই ফল আমরা মেনে নিচ্ছি, কারণ এটি মোটেও খারাপ ফল নয়। পরের ম্যাচে আমরা আরও ভালো করার চেষ্টা করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না,” বলেন ইতালিয়ান এই কোচ।
দলের ইতিবাচক দিক নিয়েও কথা বলেন আনচেলত্তি। তার মতে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই ছিল সবচেয়ে বড় অর্জন।
“শেষ মিনিট পর্যন্ত দল লড়াই করেছে। সবচেয়ে ইতিবাচক বিষয় হলো, এখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি কোথায় উন্নতি করতে হবে। আরও ভারসাম্যপূর্ণ এবং আক্রমণভাগে আরও আগ্রাসী দল গড়ে তুলতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে,” যোগ করেন তিনি।
ভক্ত-সমর্থকদের সমালোচনাকেও স্বাভাবিকভাবে দেখছেন ব্রাজিল কোচ। তার ভাষায়, “দল ভালো না খেললে সমালোচনা মেনে নিতেই হবে। আমি কোনো খেলোয়াড়কে দোষ দিই না। প্রথমার্ধে পুরো দলই ভালো খেলেনি।”
এই ড্রয়ের ফলে ‘সি’ গ্রুপে ব্রাজিল ও মরক্কো—দুই দলেরই সংগ্রহ এখন ১ পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল হাইতি ও স্কটল্যান্ড নিজেদের ম্যাচে মুখোমুখি হয়েছে। শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেখানে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে যেতে চাইবে আনচেলত্তির শিষ্যরা।
পি/ডি