অর্থনীতি

স্বর্ণের বাজারে ফের উত্তাপ

বায়ান্ন প্রতিবেদন

বিশ্ববাজারের দামের ওঠানামা আর দেশের বাজারে মূল্যবান ধাতুর চাহিদা—সব মিলিয়ে স্বর্ণের বাজারে যেন স্থিরতা ফিরছে না। একের পর এক পরিবর্তনের মধ্যেই এবার দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩০ হাজার টাকার বেশি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এই মূল্য।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

এর আগে গত ১৩ জুন স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩২৪ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, আর ৩৬ বার কমানো হয়েছে।

অন্যদিকে, একই সময়ে রুপার দাম পরিবর্তন করা হয়েছে ৪৬ বার। এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন এবং দেশের বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার কারণেই স্বর্ণ ও রুপার দামে বারবার পরিবর্তন আসছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্ববাজার #স্বর্ণ