টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার (০৭ জুলাই) থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (০৬ জুলাই) রাতে জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে জেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে বিরূপ আবহাওয়া এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় জেলার সব পর্যটনকেন্দ্রের পাশাপাশি ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ নিষিদ্ধ থাকবে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
এসি//