দেশজুড়ে

জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী

বায়ান্ন প্রতিবেদন

টানা ভারী বর্ষণ ও উত্তাল বঙ্গোপসাগরের প্রভাবে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (০৭ জুলাই) পর্যন্ত টানা তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সময়ে উত্তর-পূর্ব দিক থেকে বয়ে আসা দমকা হাওয়ার কারণে সাগর আরও উত্তাল হয়ে উঠেছে। মাঝেমধ্যে বাতাসের দিক পরিবর্তন হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের নিম্নাঞ্চলের বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে জরুরি প্রয়োজন ছাড়া অধিকাংশ বাসিন্দাই ঘরের বাইরে বের হচ্ছেন না। কয়েক দিনের টানা বৃষ্টি ও উত্তাল বঙ্গোপসাগরের প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা আগের তুলনায় আনুমানিক চার থেকে পাঁচ ফুট বেড়েছে। একই সঙ্গে একের পর এক বড় ঢেউ দ্বীপের চারপাশে আছড়ে পড়ছে। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দ্বীপবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বৈরী আবহাওয়ার প্রভাবে জেলেদের জীবন-জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগর উত্তাল থাকায় তারা মাছ ধরতে যেতে পারছেন না।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সতর্কসংকেত প্রত্যাহার করা হলে পুনরায় ট্রলার চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে দ্বীপের অনেক বাড়িঘর তলিয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটও দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারী বর্ষণ #বঙ্গোপসাগর #সেন্টমার্টিন #প্লাবিত