আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ঝড়ের আভাস,নদীবন্দরে সতর্ক সংকেত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।    

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

   

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বজ্রবৃষ্টি #আবহাওয়া অধিদপ্তর