গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন মনি আক্তার (৩০) নামে এক গৃহবধূ। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা মোবারক হোসেনের স্ত্রী। তাদের দুই সন্তান আব্দুল্লাহ (৪) ও মাইশা (২)।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, মোবারক হোসেন পরিবার নিয়ে টেপিরবাড়ী এলাকার রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। রাতে কর্মস্থল থেকে ফিরে ঘরে ঢুকে স্ত্রী ও দুই সন্তানকে মেঝেতে ছটফট করতে দেখেন। শিশুদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখে এবং ঘরে কীটনাশকের তীব্র গন্ধ পেয়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, দুই শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনি আক্তার বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পি/ডি