পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৪৩৪-এর ৫ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে নারী ও শিশুসহ ১৩ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা ভারতের অভ্যন্তরেই অবস্থান করছিলেন। বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
তিনি আরও জানান, বর্তমানে সীমান্তের শূন্যরেখায় কোনো ব্যক্তি অবস্থান করছেন না। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।
এমএ//