খেলাধুলা

কুসংস্কারে বিশ্বাস: ঘরে বসেই ফাইনাল দেখবেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক

কুসংস্কার বা লোকবিশ্বাসের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য  বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে না দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১৯ জুলাই (রোববার) ইএসপিএন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফাইনালে গ্যালারিতে না থেকে ওলিভোসে নিজের সরকারি বাসভবন থেকেই খেলা উপভোগ করবেন তিনিা

চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচই মিলেই নিজের বাসা থেকে দেখেছেন এবং প্রতিটিতেই আলবিসেলেস্তেরা জয় পেয়েছে। তাই কুসংস্কারের বশে এই বিজয়ী রুটিন ভাঙতে চান না তিনি। স্থানীয় রেডিও স্টেশন 'এল অবজারভাদর'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, “কোনো অবস্থাতেই আমি নিউ জার্সিতে যাচ্ছি না। ওলিভোসেই থাকব।”

কুসংস্কারের কারণে এই সিদ্ধান্ত কি না জানতে চাইলে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন। একই সঙ্গে নিজের আরেকটি অদ্ভুত অভ্যাসের কথা শেয়ার করে বলেন, “শীতের কারণে আমি একটি তেল কোম্পানির লোগোযুক্ত ভারী জ্যাকেট পরি। সুইজারল্যান্ড ম্যাচের দিন গরম লাগায় জ্যাকেটটি খুলে ফেলার পরপরই প্রতিপক্ষ গোল দিয়ে বসে। এরপর দ্রুত সেটি আবার গায়ে জড়িয়ে নিই। সেই থেকে ম্যাচ চলাকালে আমি আর কখনোই ওই জ্যাকেটটি খুলিনি।”

আর্জেন্টিনায় ‘কাবালা’ সংস্কৃতিঃ-

লাতিন আমেরিকায় ফুটবল ঘিরে নানা অন্ধবিশ্বাস প্রচলিত থাকলেও আর্জেন্টিনায় এটিকে ‘কাবালা’ বলা হয়। জাতীয় দলের প্রতি গভীর আবেগের কারণে সমর্থকরা বিশ্বাস করেন, নির্দিষ্ট কিছু নিয়ম বা অভ্যাস দলের জন্য সৌভাগ্য বয়ে আনে। যেমন—প্রতিটি ম্যাচে একই পোশাক পরা, টুর্নামেন্টজুড়ে প্রিয় জার্সিটি না ধোয়া, কিংবা সবসময় একই জায়গায় বসে খেলা দেখা। এমনকি এমন বিশ্বাসও রয়েছে যে, দলের গোলের সময় কেউ যদি বাথরুমে থাকেন, তবে সৌভাগ্য ধরে রাখতে পরবর্তী ম্যাচগুলোতেও গোল হওয়ার মুহূর্তে তাকে বাথরুমেই থাকতে হবে!

প্রেসিডেন্টদের ‘অপয়া’ বা ‘মুফা’ আতঙ্কঃ-

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে যাওয়া নিয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধানদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, যার শুরু ১৯৯০ সালে। সেবার তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে দলের ফুটবলারদের সঙ্গে দেখা করার পর আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে ক্যামেরুনের কাছে হেরে যায়। ওই ঘটনার পর থেকে সমর্থকরা মেনেমকে অপয়া বলে ডাকতে শুরু করেন। এরপর আর কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্টকে মাঠে গিয়ে জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচ দেখতে দেখা যায়নি। বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই মূলত সেই দীর্ঘদিনের অলিখিত প্রথাই বজায় রাখছেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #আর্জেন্টিনা #প্রেসিডেন্ট #ফুটবল