দেশজুড়ে

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান প্রশাসনের

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিব বা সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ফেনী জেলা প্রশাসন।  কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ আহ্বান জানানো হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মনিরা হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  কিশোর অপরাধের বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এর একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও চলে যাচ্ছে।

জেলা প্রশাসক বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি এমনও নয়। মূল উদ্দেশ্য হলো, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা।

বিষয়টি নিয়ে গতকাল থেকে পরামর্শমূলক প্রচারণা হিসেবে মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে।

জেলা প্রশাসন জানিয়েছে,  পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবেএ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চাওয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফেনী