দেশজুড়ে

ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে এক ব্যবসায়ী পরিবারে ডাকাতির ঘটনায় বাধা দিতে গিয়ে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান ভূঁইয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সুরুজ ভূঁইয়া নামে আরও একজন গুরুতর আহত হন। একই সাথে ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। নিহত শাহজাহান ভূঁইয়া বলভদ্রদী এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় ব্যবসায়ী মিলন ভূইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেনা

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত গভীর হলে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মিলনের বাড়িতে হানা দেয়। টের পেয়ে মিলন তাৎক্ষণিকভাবে বিষয়টি তার বড় ভাই শাহজাহানকে ফোনে জানান। এর মধ্যেই ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।

খবর পেয়ে পাশের বাড়ি থেকে শাহজাহান এবং তার চাচা সুরুজ ভূঁইয়া ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে বাড়ির বাইরে পাহারায় থাকা ডাকাতরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয় এবং সুরুজ ভূঁইয়া মারাত্মক জখম হন।

এলাকাবাসী জানান, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ওই বাড়িতে তাণ্ডব চালায় ডাকাত দল। এরপর মালামাল লুট করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আহত সুরুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জড়িত ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #নরসিংদী #ডাকাতি