জাতীয়

আগস্টে শুরু হচ্ছে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম

আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে সরকারের নতুন উদ্যোগ ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে এই প্রবাসী কার্ড চালু করা হচ্ছে।

আজ শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এর আগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড চালুর কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আলোচনা সভায় জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। শুরুর দিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড দেওয়া হবে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীকে এই কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের তত্ত্বাবধানে এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে তোলার তাগিদ দেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সব প্রবাসী বাংলাদেশিকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রবাসী কার্ড #তারেক রহমান