জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব

বায়ান্ন প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। বৈঠকে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশ ও আইএলওর সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।

তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও শক্তিশালী হয়েছে। এ পরিস্থিতিতে শ্রম খাতের উন্নয়ন এবং দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আইএলও।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর অন্যতম।

আলোচনায় গিলবার্ট এফ. হোংবো আরও উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে অল্প সময়ের মধ্যে সরকারের অর্জিত অন্যান্য কূটনৈতিক সাফল্যেরও প্রশংসা করেন তিনি।

বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি এবং শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকার ও আইএলওর সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব, নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তরের মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #আইএলও