বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাস কর্মকার বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলার খালিশপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে একাই থাকতেন উচ্ছ্বাস। কয়েকদিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে মেসের অন্য সদস্যরা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
সহপাঠীরা জানান, ভবনটির নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীদের মেস হিসেবে ব্যবহৃত হয়। উচ্ছ্বাস একটি কক্ষে একাই বসবাস করতেন। দীর্ঘ সময় কক্ষটি বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসি//