ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নৌ অবরোধ ঘোষণা এবং সৌদি আরবকে লক্ষ্য করে দেওয়া হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে দেওয়ার যেকোনো উদ্যোগের কড়া নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।
বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে পাকিস্তান বলেছে, লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর অব্যাহত হুমকি গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশটি বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নৌ নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
পাকিস্তানের মতে, সমুদ্রপথে অবাধ নৌ চলাচলে বাধা সৃষ্টি এবং বৈশ্বিক বাণিজ্যকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলার জন্যও হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতে সৌদি আরবকে সম্পৃক্ত করার যেকোনো প্রচেষ্টা নিয়ে ইসলামাবাদ গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত ও নিরাপত্তাভিত্তিক সম্পর্ক বিদ্যমান। গেল বছরের সেপ্টেম্বরে দুই দেশের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সবচেয়ে আলোচিত ধারাটি হচ্ছে, (দুদেশের) যেকোনো এক পক্ষের ওপর আগ্রাসন উভয়ের ওপর আগ্রাসন বলে গণ্য করা হবে।
এমএ//